| | |

আশুলিয়ায় নারীকে ‍তুলে নিয়ে যায় ডাকাত দল

নাজমুল হুদা

ঢাকার সাভারের আশুলিয়ায় এক বায়িং হাউজ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেধে ফেলে। পরে বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ এক নারীকে তুলে নিয়ে যায়। পরে আবার তাকে বাড়ির কাছে ফেলে রেখে যায়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত গভীর রাতে আশুলিয়ার আউকপাড়া এলাকার ছায়াকুঞ্জ নামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক ও বায়িং হাউজ কর্মকর্তা আব্দুল্লাহ জানান, রাতের শেষভাগে ১০ থেকে ১৫ জনের একটি মুখোশধারী সশস্ত্র ডাকাত দল সীমানা প্রাচীর টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এসময় তারা নগদ ৩৫ হাজার টাকা, একটি আংটি, দুইটি রূপার চেইন, একটি স্বর্ণের চেইন, একজোড়া কানের দুলসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে।

তিনি আরও জানান, ডাকাতরা চলে যাওয়ার সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং তার স্ত্রীর কানের দুল ছিঁড়ে নেয়। একই সঙ্গে ভাড়াটিয়া আজিজুল ও তার স্ত্রীর কাছ থেকেও স্বর্ণালঙ্কার লুট করা হয়।

এ সময় ডাকাতরা আরেক ভাড়াটিয়ার স্ত্রী পপিকে জোর করে তুলে নিয়ে কিছু দূরে ফেলে রেখে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

খবর পেয়ে সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ডাকাতরা স্বর্ণালঙ্কার ও কিছু নগদ অর্থ লুট করেছে। তুলে নিয়ে যাওয়া নারী নিরাপদে ফিরে এসেছেন, তবে সামান্য আঘাত পেয়েছেন। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, এর আগেও রোববার রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চাকলগ্রাম এলাকায় আরেকটি ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় মামলা দায়ের হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ