সাভারে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে এক শিক্ষার্থীকে ফেলে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে সেলফি পরিবহনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ১২টি বাস আটক করেছে।
বুধবার (৬ মে) দুপুর ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইমন পরীক্ষা দিতে ধামরাই সরকারি কলেজে যাওয়ার পথে সেলফি পরিবহনের একটি বাসে ওঠেন। এ সময় স্টুডেন্ট ভাড়া নিয়ে বাসের কন্ট্রাক্টর ও হেলপারের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাসটি ধামরাই বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাকে চলন্ত অবস্থায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায় বাসটি।
পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে সহপাঠীরা ক্ষুব্ধ হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত সেলফি পরিবহনের ১২টি বাস আটক করে কলেজে নিয়ে যায়।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, সেলফি পরিবহন কর্তৃপক্ষকে ডাকা হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










