ঢাকার সাভারের আশুলিয়ায় দীর্ঘদিন পর কাজীর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নোয়াদ্দা ব্রিজের উত্তর পাশের মোহনপুর মৌজা থেকে দিয়াবাড়ি মৌজার লক্ষণ সেনের বাড়ি পর্যন্ত খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

স্থানীয়দের দাবি, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ উদ্যোগে একসময় এ খাল খনন করেছিলেন।
উদ্বোধন শেষে ডা. সালাউদ্দিন বাবু বলেন, “খাল দখলকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধী যে দলেরই হোক বা যত প্রভাবশালীই হোক, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো বাধা-বিপত্তি এলেও খাল খনন কার্যক্রম চলমান থাকবে।”
এর আগে তিনি গকুলনগর এলাকায় একটি সড়ক নির্মাণ কাজেরও উদ্বোধন করেন।

পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ফাইজুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইন উদ্দিন বিপ্লবসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দীর্ঘদিন পর খাল পুনঃখনন শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রকল্পটি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।










