রাজধানীর উত্তরা এলাকায় এক ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে আবারও গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। আড়াই মাসের ব্যবধানে একই বাসায় এটি দ্বিতীয়বারের মতো গুলির ঘটনা।
পুলিশ জানায়, শুক্রবার রাত ৮টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরে অবস্থিত ব্যবসায়ী আবুল কাশেমের বাসার প্রধান ফটক লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়া হয়। আবুল কাশেম সাভারের হেমায়েতপুর এলাকার একেএইচ গার্মেন্টসের মালিক।
উত্তরা পশ্চিম থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, হেলমেট পরিহিত দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসাসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান ওসি খালিদ মনসুর। তিনি বলেন, এর আগে গত ১০ মার্চ একই বাসা লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। ওই ঘটনায় ব্যবসায়ী আবুল কাশেম মামলা দায়ের করেছিলেন।
পুলিশের ধারণা, ব্যবসায়িক কোনো বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে। প্রথম ঘটনার তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নতুন করে গুলির ঘটনায়ও তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি খালিদ মনসুর বলেন, “একই বাসায় পুনরায় গুলির ঘটনাকে গুরুত্বসহকারে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।”










