দক্ষিণ কেরানীগঞ্জে চার বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহ পরান নামে এক যুবককে আটক করেছে র্যাব-১০।
শনিবার (২৩ মে) দুপুরে ঝিলমিল আবাসন প্রকল্প এলাকার একটি নির্জন ঝোপ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে অভিযুক্ত শাহ পরানকে আটক করে র্যাব সদস্যরা।
জানা গেছে, শিশুটির পরিবার ও অভিযুক্ত শাহ পরান উভয়েই দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ঝাউবাড়ি এলাকায় হাফেজ মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। শনিবার দুপুরে শিশুটির মা-বাবা বাসায় না থাকার সুযোগে শাহ পরান শিশুটিকে চকলেট খাওয়ানোর কথা বলে বাইরে নিয়ে যায়।
পরে তাদের বহনকারী অটোরিকশা চালকের সন্দেহ হলে তিনি বিষয়টি র্যাব-১০ এর টহল টিমকে জানান।
অটোরিকশা চালক মো. রাকাত হোসেন (৩৮) বলেন, “যুবকটির আচরণ সন্দেহজনক মনে হওয়ায় আমি দূর থেকে নজর রাখছিলাম। পরে সে শিশুটিকে নিয়ে ঝোপের ভেতরে গেলে কান্নার শব্দ শুনতে পাই। তখন দ্রুত র্যাবকে খবর দিই।”
খবর পেয়ে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “অভিযুক্ত বর্তমানে র্যাবের হেফাজতে রয়েছে। তাকে থানায় হস্তান্তর করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযুক্ত শাহ পরানের গ্রামের বাড়ি পটুয়াখালীর শেখহাটি এলাকায় বলে জানা গেছে।










