| | |

বন্ধুর বাড়িতে সিঁধ কেটে চুরি, ধরা পড়ল ৩ বন্ধু

বরিশাল প্রতিনিধি

বরিশালের মুলাদীতে বন্ধুর বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনায় তিন যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রোববার (৩১ মে) সকালে মুলাদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তেরচর গ্রামের পাইতিখোলা খেয়াঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন তেরচর গ্রামের অলিউল্লাহ মাঝি (২১), ইয়ামিন (২৪) ও নয়ন সিকদার (২৫)। তারা সবাই ভুক্তভোগী ফাহাদ হাওলাদারের ঘনিষ্ঠ বন্ধু বলে জানিয়েছে পুলিশ।

মুলাদী থানা পুলিশ জানায়, শনিবার রাতে ফাহাদ হাওলাদারের বাড়িতে সিঁধ কেটে প্রবেশ করে তিন বন্ধু। এ সময় তারা তিনটি মোবাইল ফোন, স্বর্ণ ও রুপার অলংকার এবং নগদ ২০ হাজার টাকা চুরি করে।

রোববার সকালে ঘরে সিঁধ কাটা ও মালামাল তছনছ অবস্থায় দেখে ফাহাদ বিষয়টি স্থানীয়দের জানান। পরে সন্দেহের ভিত্তিতে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা চুরির কথা স্বীকার করে। তাদের কাছ থেকে চুরি হওয়া তিনটি মোবাইল ফোন, একটি রুপার চেইন, একটি আংটি এবং ৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক তিনজনকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ফাহাদ হাওলাদার বাদী হয়ে মুলাদী থানায় মামলা দায়ের করেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, চুরির ঘটনায় মামলা হয়েছে। স্থানীয়দের সহায়তায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চুরি হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান চলছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted