ঢাকা জেলার সাভার পৌর ছাত্রদলের ১৭১ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আরমান হোসেন বাবু এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোশারফ হিমেল খান।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে ৫২ জন সহ-সভাপতি, ৬৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ২২ জন সহ-সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, ১৯ জন সহ-সাংগঠনিক সম্পাদক, একজন প্রচার সম্পাদক, একজন সহ-প্রচার সম্পাদক, একজন দপ্তর সম্পাদক এবং তিনজন সদস্যকে রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা নেতৃবৃন্দের কাছে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তাদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে সাভার পৌর এলাকায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত্তি সুদৃঢ় হবে।
নবনির্বাচিত সভাপতি মো. আরমান হোসেন বাবু বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন। কেন্দ্রীয় ও জেলা নেতাদের দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালনে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান।
তিনি বলেন, মেধাবী, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে একটি শক্তিশালী, কার্যকর ও গণমুখী সংগঠন গড়ে তোলাই হবে তাদের লক্ষ্য।
সাধারণ সম্পাদক মোশারফ হিমেল খান বলেন, নতুন কমিটি তৃণমূল নেতাকর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। ছাত্রদের অধিকার আদায়, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করাই হবে তাদের প্রধান লক্ষ্য।
কমিটির সাংগঠনিক সম্পাদক তাজ খান নাঈম বলেন, নতুন নেতৃত্বের ওপর যে আস্থা রাখা হয়েছে, তা ধরে রাখতে সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় করে সাংগঠনিক কার্যক্রম বেগবান করার পাশাপাশি ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হবে।









