ঢাকার সাভারে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯ জুন) রাত ৮টার দিকে পৌর এলাকার বেদেপল্লির কাঞ্চনপুর মহল্লায় এ ঘটনা ঘটে।
হামলায় আহত হয়েছেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এস এম শামীম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর রহমান। তাদের প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তারে সাদা পোশাকে অভিযান চালান এসআই শামীম ও এএসআই মশিউর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তবে আটকের পরপরই রফিকুলের সহযোগীরা সংঘবদ্ধভাবে দুই কর্মকর্তার ওপর হামলা চালায়।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা কিল-ঘুষি, চড়-থাপ্পড় ও ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশ সদস্যদের আহত করে রফিকুল ইসলামকে ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয়দের দাবি, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। হামলায় অংশ নেওয়া কয়েকজনও একই চক্রের সদস্য।
আহত এসআই এস এম শামীম বলেন, “রফিকুল ইসলামকে গ্রেপ্তারের কয়েক সেকেন্ডের মধ্যেই তার সহযোগীরা আমাদের ওপর হামলা চালায়। আমরা সিভিল পোশাকে থাকলেও সঙ্গে পুলিশি সরঞ্জাম ও ওয়াকিটকি ছিল। হামলাকারীরা তাকে ছিনিয়ে নিয়ে যায়।”
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ জানান, আহত দুই কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, “ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে আমাদের দুই কর্মকর্তা হামলার শিকার হয়েছেন। অনেক সময় সাদা পোশাকে অভিযান পরিচালনা করতে হয়। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তার এবং হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে।”










