ঈদ ও গ্রীষ্মকালীন ছুটির কারণে অনেকটাই নির্জন হয়ে পড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে এনেছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। হাজার মাইল দূরের নিউজার্সিতে অনুষ্ঠিত ম্যাচের উত্তাপ ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে।
রোববার (১৪ জুন) ভোরে ব্রাজিল ও মরক্কোর মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচ ঘিরে ক্যাম্পাসে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর উদ্যোগে মুক্তমঞ্চে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী অংশ নেন।
খেলা শুরুর আগেই মুক্তমঞ্চ এলাকায় সমর্থকদের ভিড় জমতে শুরু করে। প্রিয় দলের জার্সি, জাতীয় পতাকা এবং বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি, তবে অন্যান্য দলের সমর্থকদেরও দেখা যায় উৎসবমুখর পরিবেশে অংশ নিতে।

ম্যাচের শুরু থেকেই ব্রাজিল সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। তবে মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে শেষ হওয়া ম্যাচ তাদের কিছুটা হতাশ করেছে। তাদের প্রত্যাশা, আগামী ম্যাচগুলোতে দল আরও ভালো পারফরম্যান্স করবে।
অন্যদিকে মরক্কোর সমর্থকদের কাছে এই ড্র ছিল অনেকটা জয়ের সমান। শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে এক পয়েন্ট অর্জনকে তারা দলের বড় সাফল্য হিসেবে দেখছেন। ম্যাচ চলাকালে মরক্কোর পক্ষে স্লোগান দিতে দেখা যায় অনেক আর্জেন্টিনা সমর্থককেও, যা দর্শকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাসের সৃষ্টি করে।
বিশ্বকাপকে ঘিরে ক্যাম্পাসে এমন প্রাণবন্ত পরিবেশ শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।










