| | |

আশুলিয়ায় মাদ্রাসা থেকে ‘মেডইন পাকিস্তান’ লেখা পিস্তল উদ্ধার

নাজমুল হুদা

সাভারের আশুলিয়ায় একটি মাদ্রাসার নির্মাণাধীন টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় মেডইন পাকিস্তান একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-৪।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে বুধবার আশুলিয়া থানার শ্রীপুর গণকবাড়ী এলাকায় অবস্থিত ‘তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদ্রাসা’ প্রাঙ্গণে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৪ এর সিপিসি-২, নবীনগর ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাদ্রাসা প্রাঙ্গণের অভিভাবকদের ওয়েটিং রুমের পাশের নির্মাণাধীন ওয়াশরুমে মাদকদ্রব্য মজুদ রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা স্থানীয় দুই সাক্ষীর উপস্থিতিতে ওই স্থানে তল্লাশি চালান।

তল্লাশির একপর্যায়ে ওয়াশরুমের পূর্ব-দক্ষিণ কোণের টয়লেটের মেঝেতে কয়েকটি ইটের নিচে রাখা একটি ছেঁড়া হলুদ রঙের শপিং ব্যাগ থেকে সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল এবং দুই রাউন্ড .২২ বোরের গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তবে অস্ত্রটির উৎস তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে অস্ত্রটির গায়ে ইংরেজিতে ‘Made in Pakistan’ লেখা খোদাই করা দেখা গেছে।

র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্রটির উৎস এবং কারা সেখানে এটি রেখেছে, তা শনাক্তে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted