| | |

মাদক কারবারিদের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাভার থানার পরিদর্শক ক্লোজ

নাজমুল হুদা

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিনকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজ) করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক কারবারিদের সঙ্গে যোগাযোগ এবং মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি ইয়াবা উদ্ধার ও তা বিক্রিকে কেন্দ্র করে আলোচিত একটি ঘটনার তথ্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছায়। পরে বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু হলে পরিদর্শক হেলাল উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে আসে। তদন্তে কিছু তথ্য সামনে আসার পর ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

স্থানীয় সূত্রের দাবি, সাভার পৌর এলাকার রাজাসনের পালোয়ানপাড়া এলাকার কথিত মাদক কারবারি শামীম, বেদেপল্লির কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং সাভার সদর ইউনিয়নের দেওগা এলাকার একটি মাদক চক্রের সঙ্গে তার যোগাযোগ ছিল বলে অভিযোগ রয়েছে।

এর আগে একই ধরনের অভিযোগে সাভার মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং তিনজন উপপরিদর্শককে (এসআই) জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছিল। এ ঘটনায় থানার একটি অংশের বিরুদ্ধে মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে।

এ বিষয়ে জানতে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন শিল্পীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “পরিদর্শক হেলাল উদ্দিনকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তবে তাকে কোন সুনির্দিষ্ট কারণে ক্লোজ করা হয়েছে, সে বিষয়ে আমি অবগত নই।”

স্থানীয়দের দাবি, অভিযোগগুলোর বিষয়ে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted