| | |

আশুলিয়ায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ যুবক গ্রেপ্তার

নাজমুল হুদা

প্রতীকি ছবি

ঢাকার সাভারের আশুলিয়ায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রবিবার (২১ জুন) সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত তিন আসামির বয়সই ১৮ বছর। তারা হলেন: আশুলিয়ার জামগড়া প্রাইমারি স্কুলের পেছনে লীলা চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া মো. জয়নালের ছেলে সিফাত, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চাপখন্ড এলাকার মোবারক শেখের ছেলে মমিন শেখ ও সিরাজগঞ্জ জেলার সলংগা থানার রাউলী এলাকার মো. দেলোয়ার শেখের ছেলে সুমন শেখ।

এ ঘটনায় জাকির হোসেন নামে আরও এক অভিযুক্ত পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে ভুক্তভোগী ও অন্যান্য আসামিদের মোবাইল ফোন নিজের হেফাজতে নিয়ে তথ্য গোপন এবং আলামত/প্রমাণ নষ্টের চেষ্টার অভিযোগ রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্বপরিচয়ের সূত্র ধরে শনিবার (২০ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে ওই কিশোরীকে জামগড়া প্রাইমারি স্কুল সংলগ্ন সিফাতের ভাড়া বাসায় ডেকে নিয়ে যায় মমিন। সেখানে সিফাত, মমিন ও সুমন মিলে কিশোরীকে জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণ করে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর আশুলিয়া জামগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রাশেদের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত অভিযানে নামেন। পরে একই দিন রাত ৯টার দিকে জামগড়া এলাকা থেকেই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, “কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর মোবাইল ফোন ও তথ্য-প্রমাণ লুকিয়ে পালিয়ে যাওয়া অপর অভিযুক্ত জাকিরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted