| | |

ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন বিএলআরআইতে

নাজমুল হুদা

গত কোরবানির ঈদে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বিরল অ্যালবিনো প্রজাতির মহিষটি (ডোনাল্ড ট্রাম্প) এখন স্থান পেয়েছে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই)। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় রোববার জাতীয় চিড়িয়াখানা থেকে আনুষ্ঠানিকভাবে মহিষটি বিএলআরআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, বিরল এই মহিষের জাতগত বৈশিষ্ট্য, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে গবেষণা পরিচালনার লক্ষ্যে বিএলআরআই ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে। মহিষ উৎপাদন ও গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গৌতম কুমার দেবকে কমিটির প্রধান করা হয়েছে।

বর্তমানে মহিষটিকে ১৪ দিনের প্রাথমিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ সময় এর বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

ড. গৌতম কুমার দেব বলেন, গবেষণার উদ্দেশ্যেই মহিষটি বিএলআরআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। বিরল ও আকর্ষণীয় বৈশিষ্ট্যের এই অ্যালবিনো মহিষের জাত উন্নয়ন এবং এর সম্ভাবনা নিয়ে গবেষণা করা হবে। বর্তমানে মহিষটি সুস্থ রয়েছে এবং ভবিষ্যতেও এটি বিএলআরআইয়ের তত্ত্বাবধানে রাখা হবে।

উল্লেখ্য, গত ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রির উদ্দেশ্যে গোলাপি আভাযুক্ত বিরল অ্যালবিনো ষাঁড় মহিষটি বাজারে আনা হয়েছিল। নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধা মহিষটি লালন-পালন করেন। পরে পুরান ঢাকার জিন্দাবাহার এলাকার বাসিন্দা মনিরুজ্জামান ৩ লাখ ৮৫ হাজার টাকায় এটি কিনে নেন।

বিরল রঙ ও গড়নের কারণে মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে ঈদের আগের দিন সরকারি উদ্যোগে মহিষটিকে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষণ করা হয়। সেখান থেকেই পরবর্তীতে গবেষণার জন্য বিএলআরআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted