| | |

ধামরাইয়ে উচ্ছেদ অভিযানে হামলা, আহত ৬

নাজমুল হুদা

ঢাকার ধামরাইয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমিতে অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযানের সময় হকারদের হামলার ঘটনা ঘটেছে। এতে বুলডোজার চালক ও তার সহকারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন বুলডোজার চালক মনির হোসেন (৪৮) ও তার সহকারী আব্বাস হোসেন (৩৫)। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের নয়ারহাট শাখার উপ-বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক জানান, সওজের জমি থেকে অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছিল। কয়েকটি দোকান উচ্ছেদের পর উত্তেজিত হকাররা বুলডোজার চালক ও তার সহকারীর ওপর হামলা চালায়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযান সাময়িকভাবে বন্ধ করা হয়।

উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা ধামরাই সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি বলেন, ঢুলিভিটা এলাকায় সওজের জমি উদ্ধার অভিযানের সময় হামলার ঘটনা ঘটে। হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল খান বলেন, সরকারি জমিতে অবৈধ দোকান উচ্ছেদে বাধা এবং সরকারি কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted