ভেনেজুয়েলায় ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম চলছে। এখন পর্যন্ত দেশটিতে নিহতের সংখ্যা ১৬৪ জন এবং আহত ৯৭১ জন।
এদিকে, উদ্ধার কাজ চলার সাথে সাথে হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে জানিয়েছে ইউএস জিওলজিক্যাল সার্ভে।
তারা ধারণা করছে, সম্ভাব্য প্রাণহানির সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে।
দেশটির রাজধানী কারাকাসের অন্যতম রাজনৈতিক উপবিভাগ, চাকাও পৌরসভার মেয়র জানিয়েছেন, ওই এলাকায় ধ্বংসস্তূপ থেকে ২৩ জনকে উদ্ধার করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক ভিডিও বার্তায় মেয়র গুস্তাভো দুকে বলেন, জরুরি উদ্ধারকারী দলগুলো বর্তমানে আরও চারজনকে উদ্ধারের জন্য কাজ করছে।
উদ্ধার কার্যক্রমের বর্ণনা করেন মেয়র দুকে।
১৯ বছর বয়সী এক তরুণীর কথা উল্লেখ করে দুকে বলেন, তিনি “কংক্রিটের স্ল্যাবগুলোর মাঝে আটকে আছেন এবং আমাদের দলের সাথে যোগাযোগ রাখছেন, এবং আমরা তাকে উদ্ধার করতে যাচ্ছি।”
তিনি জানান, ইতিমধ্যেই উদ্ধার হওয়া ব্যক্তিদের একটি বড় অংশের কাছে তাদের পরিচয়পত্র (আইডি) নেই, এবং তারা সচেতন বা জ্ঞান ফিরে পাওয়ার পর হাসপাতালে তাদের পরিচয় নিশ্চিত করতে বলা হচ্ছে।
তিনি আরো জানান, জ্ঞান হারানো রোগীদের পরিচয় শনাক্ত করার চেষ্টায় ধসে পড়া ভবনগুলোর অন্যান্য বাসিন্দাদের সাথে তাদের ছবি শেয়ার করা হচ্ছে।
এর আগে, দুকে জানিয়েছিলেন, চাকো পৌরসভায় অন্তত ১১ জন মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।









