ঢাকা জেলা উত্তর এনসিপির যুবশক্তির সাবেক আহ্বায়ক সেঁজুতি হোসাইনের নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার (২৬ জুন) দুপুরে সাভারের ব্যাংক কলোনী এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় সেঁজুতি হোসাইন ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং বিএনপিতে যোগদানের আনুষ্ঠানিক ঘোষণা দেন। পরে দলের নেতাকর্মীরা নবাগতদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন।
যোগদান অনুষ্ঠানে সেঁজুতি হোসাইন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় বিএনপির আদর্শ, কর্মসূচি ও গণতান্ত্রিক রাজনীতির প্রতি আস্থা রেখেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে আরও বেগবান করা এবং দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতেই বিএনপির সঙ্গে যুক্ত হয়েছেন। পাশাপাশি দলীয় নির্দেশনা অনুযায়ী মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দিয়ে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, বিএনপি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তি এবং গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সকল মানুষকে দলে স্বাগত জানায়।
তিনি আরও বলেন, দল নতুন, যোগ্য ও ত্যাগী নেতৃত্বকে মূল্যায়ন করে এবং সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইন উদ্দিন বিপ্লব, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন, সাভার থানা ছাত্রদলের সভাপতি মাশফি আহমেদসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে দলীয় নেতারা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।








