ঢাকার সাভারের আশুলিয়ায় তুরাগ নদ থেকে মো. সুমন (১৭) নামে এক কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ পাওয়া ফোনকলের ভিত্তিতে আশুলিয়া বাজার এলাকার গরুর হাটসংলগ্ন তুরাগ নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুমন ঢাকার তুরাগ থানার রানাভোলা এলাকার শাহ আলমের ছেলে। এ ঘটনায় শুক্রবার তার বড় ভাই সালাউদ্দিন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে পিকনিকে অংশ নিতে ট্রলারে করে তুরাগ নদে যান সুমন। একপর্যায়ে ট্রলার থেকে নদীতে নামার সময় তিনি পানিতে পড়ে তলিয়ে যান। এরপর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরে রাতে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় তার পকেট থেকে একটি মুঠোফোন উদ্ধার করা হয়। ফোনের সিমের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মরদেহ শনাক্ত করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।









