| | |

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দল কর্মীকে কুপিয়ে হত্যাচেষ্টা

নাজমুল হুদা

প্রতীকি ছবি

ঢাকার আশুলিয়ায় ডিস ও ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে আমিনুর দেওয়ান (৩৮) নামে এক স্বেচ্ছাসেবক দল কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে আশুলিয়ার খেজুরটেক এলাকার হজরত আলী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আহত আমিনুর দেওয়ান বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও মামলার সূত্রে জানা যায়, আমিনুর দেওয়ান দীর্ঘদিন ধরে খেজুরটেক এলাকায় ডিস ও ইন্টারনেট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয়ভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ছিলেন বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, মঙ্গলবার বিকেলে একদল ব্যক্তি তাকে ঘিরে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় কয়েকজনের দাবি, ব্যবসায়িক বিরোধ ও এলাকায় বিভিন্ন কার্যক্রমকে কেন্দ্র করে পূর্ব থেকেই দ্বন্দ্ব চলছিল। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, এর আগেও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে বিরোধের ঘটনা ঘটেছিল বলে এলাকায় আলোচনা রয়েছে।

পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শফিকুল ইসলাম ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “এ ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা উচিত।”

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা পাওয়ায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted