নোয়াখালীর চাটখিলে তিন সন্তানকে রেখে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল নিয়ে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার মায়ের পক্ষ থেকে চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ।
ঘটনাটি উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের উত্তর নারায়ণপুর গ্রামের সেকান্দর মাস্টার পাটোয়ারী বাড়িতে ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর নারায়ণপুর গ্রামের মো. আবু ইউসুফের মেয়ে নিশাত আক্তার (৩০) তার তিন সন্তান নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন। এ সময় স্থানীয় একটি মসজিদের ইমাম মো. রিয়াজ হোসেনের সঙ্গে তার পরিচয় হয় বলে পরিবারের দাবি।
পরিবারের অভিযোগ, গত ২৭ জুন নিশাত আক্তার বাড়ি থেকে বের হয়ে যান এবং এরপর থেকে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।
নিশাতের মা মোসা. নাজমা আক্তার অভিযোগে দাবি করেন, তার মেয়ে বাড়ি থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার এবং বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে গেছেন। এছাড়া পরিবারের সদস্যরা তার কক্ষে কিছু নথিপত্রও পেয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে নিশাত আক্তার, মো. রিয়াজ হোসেন এবং তার পরিবারের কয়েকজন সদস্যকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, “ভুক্তভোগীর মা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”









