জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের ঘটনায় অভিযুক্ত ১২ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, গত ৩ জুলাই দিবাগত রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত ইতিহাস বিভাগের ৫৪তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী একই বিভাগের ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, গালিগালাজ, মানসিক নির্যাতন এবং র্যাগিংয়ের মাধ্যমে হয়রানির ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮ এর ৪(১)(খ) ধারার পরিপন্থী হওয়ায় অভিযুক্তদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন নাছিম উদ্দিন মজুমদার, মো. মাহফুজুর রহমান অন্ত, আব্দুল্লাহ মাহদী, শুভাশীষ রায় প্রান্ত, মো. আবু আবতাহী অনিক, মো. রায়হান খান, মো. নাইমুল হাসান, মো. ইসফাক হাদী, নাইম আহমেদ সজিব, কার্তিক চন্দ্র রায়, কাজী শাহ জামসেদ আলম নাবিল এবং সাইফুল্লাহ মানসুর আনান।
এর আগে শুক্রবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ মাঠ এলাকায় ইতিহাস বিভাগের ৫৫তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীকে ‘ম্যানার শেখানোর’ নামে ডেকে নিয়ে মানসিক ও শারীরিকভাবে হেনস্তার অভিযোগ ওঠে। পরে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করে নিরাপত্তা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগীদের লিখিত অভিযোগ এবং অভিযুক্তদের দেওয়া লিখিত বক্তব্যের ভিত্তিতে প্রশাসন সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।









