| | |

সাভারে জীবিত তক্ষক উদ্ধার, পাঁচজন গ্রেপ্তার

নাজমুল হুদা

ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে বিলুপ্তপ্রায় একটি জীবিত তক্ষক উদ্ধার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় বন্যপ্রাণী পাচার ও অবৈধ কেনাবেচার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমিনবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম।

গ্রেপ্তাররা হলেন, ঢাকার দক্ষিণখান থানার আসকোনা হাজী ক্যাম্প এলাকার মো. মঞ্জুরুল হোসেন (৩৮), একই এলাকার মো. হযরত আলী রিপন (৩৯), চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মো. আব্দুর রহিম (৪২), ঢাকার দক্ষিণখান থানার মোল্লারটেক এলাকার মো. রায়হান আহম্মেদ রনি (৩৮) এবং খুলনার বটিয়াঘাটা উপজেলার মো. সাগর শেখ (৪০)।

ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় পরিবহন ও কেনাবেচা নিষিদ্ধ একটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তক্ষকটির দৈর্ঘ্য প্রায় ১৫ ইঞ্চি এবং গায়ের রং ধূসর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রাণীটি অবৈধভাবে কেনাবেচার উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের মধ্যে আব্দুর রহিমের বিরুদ্ধে এর আগেও একটি মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী পাচার ও অবৈধ বেচাকেনা রোধে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted