জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায়ের প্রতিফলন নিশ্চিতের দাবিতে সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য।
শনিবার (৪ জুলাই) বিকেলে সাভার মডেল মসজিদের সামনে আয়োজিত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন এবং গণভোটের রায়ের যথাযথ প্রতিফলন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রীয় কার্যক্রমে জনগণের মতামতের প্রতিফলন, প্রয়োজনীয় রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যকর ঐকমত্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সমাবেশে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি এবং দলীয়ভাবে মনোনীত সাভার উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. আফজাল হোসাইন।
বক্তব্য দেন ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসাইন, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও দলীয়ভাবে মনোনীত সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান মোল্লা এবং জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, লেবার পার্টিসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি সাভার মডেল মসজিদ এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।









