ঢাকার সাভারে ব্যবসার কথা বলে এবং জমি ও বহুতল ভবন বিক্রির প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৭ লাখ ৬০ হাজার টাকা নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে। পাওনা টাকা ফেরত চাইলে ভুক্তভোগীকে বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. এরশাদ আলী (৪৩) বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের তীর সৈয়দ আদীব হক (৩০)-এর বিরুদ্ধে। তিনি সাভারের কলমা ডেইরি ফার্ম এলাকার সৈয়দ আজহারুল হকের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর ২০২৪ তারিখে অভিযুক্ত সৈয়দ আদীব হক ব্যবসায়িক প্রয়োজনে এরশাদ আলীর কাছ থেকে নগদ ৭ লাখ ৬০ হাজার টাকা ধার নেন। এ লেনদেনের বিপরীতে সরকারি ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি লিখিত চুক্তিনামা সম্পাদিত হয়।
চুক্তির সময় আদীব হক তার মালিকানাধীন ‘সেঞ্চুরি গার্মেন্টস’-এর বহুতল ভবন ও জমি বিক্রি করে নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধের আশ্বাস দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
নিরাপত্তা হিসেবে অভিযুক্ত তার নিজ নামে থাকা ব্যাংক এশিয়া লিমিটেডের ৭ লাখ ৬০ হাজার টাকার একটি স্বাক্ষরিত চেক ভুক্তভোগীর কাছে হস্তান্তর করেন।
ভুক্তভোগী এরশাদ আলীর দাবি, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পাওনা টাকা চাইলে অভিযুক্ত প্রথমে নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন। পরে টাকা পরিশোধে অস্বীকৃতি জানিয়ে ভয়ভীতি ও বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকেন।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে প্রথমে স্থানীয়ভাবে আত্মীয়-স্বজন ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়। তবে কোনো সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত সৈয়দ আদীব হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফয়জুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









