| | |

সাভারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সরকারের বৈধতা ও সুশাসনের কথা বললেন রিজভী

নাজমুল হুদা

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার জোর করে নয়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। জনগণের প্রত্যাশা পূরণ এবং সুশাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) প্রাঙ্গণে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ‘দেশব্যাপী পাঁচ বছরে পাঁচ লাখ বৃক্ষরোপণ’ ও ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি-২০২৬’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।

রিজভী বলেন, সরকারের আমলে অপরাধ করে কেউ পার পাবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে অ্যাবের বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সুষ্ঠু নির্বাচন হলে দেশের মানুষ বিএনপিকেই ভোট দেয়। জনগণ মনে করে, দেশ ও গণতন্ত্র বিএনপির হাতেই নিরাপদ।

তিনি আরও বলেন, দেশে দুটি অপশক্তি রয়েছে। এর একটি মুক্তিযুদ্ধবিরোধী, অন্যটি ২০২৪ সালের গণহত্যার সঙ্গে জড়িত। জনগণ এসব শক্তির বিপরীতে বিএনপিকে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি হিসেবে দেখে।

বিএনপিকে নিয়ে বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে টুকু বলেন, যারা জনগণের সমর্থন হারিয়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে, তারাই বিএনপিকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার কথা বলছে। তবে জনগণের শক্তিতে বিশ্বাসী বিএনপিকে এ দেশ থেকে হটানো সম্ভব নয়।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। জনগণ বিশ্বাস করে, তার নেতৃত্বে দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে।

দুই পর্বে অনুষ্ঠিত কর্মসূচির প্রথম পর্বে সকাল ১০টায় পাঁচ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে দুপুর ১২টায় সাভারের ডেইরি ফার্ম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি-২০২৬’ কর্মসূচির উদ্বোধন এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

এর আগে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারের কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার পরিদর্শন করেন।

অ্যাবের সদস্য সচিব কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান ও কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষিবিদ এবং বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ