ঢাকার ধামরাই প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত বড় ভাই আনোয়ার হোসেন মোল্লা (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আনোয়ার হোসেন মোল্লা সাভার উপজেলার ঘোরাদিয়া গ্রামের শাহজাহান মোল্লার ছেলে।
নিহতের চাচা আবুল হোসেন মোল্লা জানান, গত ২৬ জুন বড় কুশিয়ারা এলাকায় জমির সীমানা নির্ধারণের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জমি মাপজোক চলছিল। এ সময় আনোয়ারের ছোট ভাই খোকন মোল্লা এবং তার দুই ছেলে ইফাদ মোল্লা ও ফাহাদ মোল্লা ধারালো অস্ত্র নিয়ে আনোয়ার হোসেন মোল্লা ও তার ভাই মনির হোসেন মোল্লার ওপর হামলা চালান।
স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে আনোয়ারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় ৯ জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি মারা যান।
এ ঘটনায় আহত মনির মোল্লার স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে গত ২৮ জুন ধামরাই থানায় খোকন মোল্লা, তার দুই ছেলেসহ আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ছুরিকাঘাতে আহত আনোয়ার হোসেন মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।









