| | |

মতবিনিময় সভায় খোরশেদ আলম

আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের প্রমাণ মিললে রাজনীতি ছাড়ব

নাজমুল হুদা

আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে লিয়াজোঁ বা আঁতাত করে রাজনীতি করার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন খোরশেদ আলম। তিনি বলেন, এ ধরনের অভিযোগের প্রমাণ কেউ দিতে পারলে তিনি সঙ্গে সঙ্গে রাজনীতি থেকে সরে দাঁড়াবেন।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় সাভারের ছায়াবীথি এলাকায় সাভার হোটেল কর্মচারী ফাউন্ডেশন-এর কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোরশেদ আলম বলেন, “আমি কারও কাছে মাথা নত করার জন্য রাজনীতি করি না। একজন মানুষও যদি প্রমাণ করতে পারেন যে আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে আমার আঁতাত রয়েছে, তাদের সঙ্গে লিয়াজোঁ করেছি বা কর্মীদের দুঃসময়ে পাশে দাঁড়াইনি, তাহলে সেদিনই রাজনীতি ছেড়ে দেব।”

তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই তার পরিবার দলটির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং দলের জন্য রক্ত ও ত্যাগ স্বীকার করেছে। আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘ ১৭ বছর বাড়িঘর ছাড়া থাকতে হয়েছে, অসংখ্য মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।

খোরশেদ আলম আরও বলেন, “শুধু বিএনপির রাজনীতি করার কারণে আমাকে দীর্ঘদিন বাড়িছাড়া থাকতে হয়েছে। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে এক চুলও সরে যাইনি, ভবিষ্যতেও যাব না।”

এ সময় তিনি হোটেল কর্মচারীদের পাশে থাকার আশ্বাস দিয়ে সাভার হোটেল কর্মচারী ফাউন্ডেশন-এর সফলতা কামনা করেন।

সংগঠনের সভাপতি মোহাম্মদ ইদ্রিস আলীর সভাপতিত্বে এবং সাভার পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাজ খান নাইমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি হানিফ শেখ ও সাধারণ সম্পাদক কাজল দেওয়ান। অনুষ্ঠানে হোটেল-রেস্টুরেন্ট কর্মচারীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ