জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনায় সাভারে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে পৌর ছাত্রদল।
বুধবার (২২ জুলাই) সাভারে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করেন সাভার পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাজ খান নাঈম। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম। সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও কাউন্সিল পদপ্রার্থী ইউনুস খান।
এ সময় জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্য, প্রায় ৬০০ মাদ্রাসা শিক্ষার্থী, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন খোরশেদ আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। তিনি আরও বলেন, সাভারের শান্তি-শৃঙ্খলা ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা কাজ করে যাবেন।
আয়োজক তাজ খান নাঈম বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছাত্রদলের আত্মত্যাগ ও গৌরবের প্রতীক। তিনি অভিযোগ করেন, আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িত অনেককে এখনো আইনের আওতায় আনা হয়নি এবং দ্রুত তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।









