ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির ডা. শফিকুর রহমান।
জামায়াতের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিষয় নিয়ে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তার নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবহিত করারও সিদ্ধান্ত হয়েছে।
এর আগে সোমবার (২০ জুলাই) রাতে গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে একটি কক্ষে এক নারীর সঙ্গে তাকে দেখা যায়, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
ভিডিও প্রকাশের পর সাতক্ষীরা জেলা জামায়াত প্রথমে এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি বলে দাবি করলেও পরে দলীয় সূত্র জানায়, গাজী নজরুল ইসলাম তাদের কাছে দাবি করেছেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই তিনি দ্বিতীয় বিয়ে করেছেন।
এদিকে, একাধিক ফ্যাক্টচেক প্রতিষ্ঠানের দাবি, ভিডিওটিতে এআই প্রযুক্তি ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাদের তথ্যমতে, সিসিটিভি ফুটেজটি ২০২৩ সালের ১০ জুলাই ধারণ করা হয়েছিল। তবে ভিডিওটি কীভাবে প্রকাশ্যে এসেছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তদন্তের ফল প্রকাশ করা হয়নি।









