| | |

সড়ক দুর্ঘটনা

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ হারালেন তিন মোটরসাইকেল আরোহী

নাজমুল হুদা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুটি মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে আবাস সাহা (২৫), মানিকগঞ্জের শিবালয় উপজেলার আশুতোষ সাহার ছেলে সুজয় সাহা (১৮) এবং সাভারের পল্লীবিদ্যুৎ এলাকার নকিবুল্লার ছেলে সৈয়দ নাইমুল হক (৩০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামপুর এলাকায় আরিচাগামী লেনে একটি বাস বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ কারণে সামনে থাকা একটি প্রাইভেটকার ও কাভার্ড ভ্যান গতি কমিয়ে দেয়। তাদের পেছনে থাকা দুটি মোটরসাইকেলও ধীরগতিতে চলছিল। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল দুটি বেশ কিছু দূর টেনে নিয়ে যায় বাসটি।

দুর্ঘটনায় গুরুতর আহত আবাস সাহা ও সুজয় সাহাকে ধামরাই ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর আহত সৈয়দ নাইমুল হককে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সীমিন সাইয়ারা জানান, হাসপাতালে আনার আগেই আবাস ও সুজয়ের মৃত্যু হয়েছিল। তাদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ মো. ইউসুফ জানান, গুরুতর আহত অবস্থায় নাইমুল হককে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted