সরকার ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগ দিয়েছে। একই সঙ্গে আগের সব নিয়োগ বাতিল করা হয়েছে। আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। নতুন নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
নবনিযুক্ত ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের তালিকায় স্থান পেয়েছেন সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লার বাসিন্দা ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। তিনি মরহুম শাহাব উদ্দিন খানের (মকর দারোগা) কনিষ্ঠ পুত্র।
ব্যারিস্টার শিহাব উদ্দিন খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান সিনেট সদস্য। তিনি সাভার মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজের সদ্য সাবেক গভর্নিং বডির সভাপতি। এছাড়া তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী, শিশু কানন একাডেমি ও সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের প্রাক্তন শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পদত্যাগের পর সরকার পর্যায়ক্রমে নতুন আইন কর্মকর্তা নিয়োগ দেয়। সর্বশেষ এ নিয়োগের মাধ্যমে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে এবং আগের সব নিয়োগ বাতিল করা হয়েছে।
বর্তমান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে নতুন এ আইন কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।









