‘খুনি ও ধর্ষক প্রতিরোধ দিবস’ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মৌন মিছিল ও প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছেন একদল শিক্ষার্থী।
রোববার (২ আগস্ট) রাত ১০টার দিকে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রদীপ প্রজ্জ্বলন, সংক্ষিপ্ত সমাবেশ এবং প্রতিবাদী গান পরিবেশনের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।
সমাবেশে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি প্রমা রাহা বলেন, ১৯৯৯ সালের ধর্ষণবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সে সময় শিক্ষার্থীদের আন্দোলনের ফলে অপরাধীদের বিচারের আওতায় আনা সম্ভব হয়েছিল। বর্তমানেও ক্যাম্পাসে নিপীড়নের অভিযোগ রয়েছে। প্রশাসনের কার্যকর ভূমিকার অভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, এই মৌন মিছিল নীরবতা নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক।
সংগঠনটির সাধারণ সম্পাদক সেমন্তী রোদসী বলেন, ২৭ বছর আগে আন্দোলনের মাধ্যমে ক্যাম্পাসে বিচার নিশ্চিত হলেও সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় এখনো বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে। প্রশাসনের পাশাপাশি শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি ঐক্যের অভাবও এর জন্য দায়ী বলে তিনি মন্তব্য করেন। তিনি সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে অন্যায়-অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী লামিশা জামান বলেন, ১৯৯৯ সালের আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধের একটি দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। তবে আজও ক্যাম্পাসে ধর্ষণ, নিপীড়ন ও বিচারহীনতার অভিযোগ রয়েছে। এসব ঘটনার প্রতিবাদে এবং ন্যায়বিচারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচিতে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের নেতাকর্মীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।









