ঢাকার সাভারের সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী স্কুল ছুটির পর থেকে নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে স্কুল ছুটির পর থেকে তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।
নিখোঁজ শিক্ষার্থীর নাম নুরুল আহমেদ তাজিম। সে সাভারের নামাবাজার এলাকার বাসিন্দা এবং সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
তাজিমের বাবা তছলিম রহমান জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুর ২টার দিকে স্কুল ছুটির পর প্রতিষ্ঠানের পরিবহনযোগে তার বাসায় ফেরার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা স্কুল, সহপাঠী এবং আত্মীয়-স্বজনের বাসাসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও তার সন্ধান না পাওয়ায় আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ঘটনায় অন্য অভিভাবকদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। তারা শিক্ষার্থীদের নিরাপদে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন।
নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ নুরুল আহমেদ তাজিমের সন্ধান পেলে বা কোথাও দেখতে পেলে ০১৭০৩-৭৬৭৬৬৬ নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে। জিডি হওয়ার পর গুরুত্বের সঙ্গে তদন্ত করে শিক্ষার্থীকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে পুলিশকে শিশুটিকে খুঁজে বের করার নির্দেশনা দেওয়া হয়েছে।








