জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সাভার প্রেসক্লাবে।

বুধবার (৬ আগস্ট) সাভার প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একই সঙ্গে আহতদের পুনর্বাসন এবং যথাযথ সম্মান নিশ্চিত করার আহ্বান জানান তারা।

সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাবেক সভাপতি জাভেদ মোস্তফা ও নাজমুস সাকিব, সহসভাপতি আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, কার্যনির্বাহী সদস্য আজিম উদ্দিন, দপ্তর সম্পাদক ইমদাদুল হক, অর্থ সম্পাদক এস এম সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক রওশন আলম ও রূপোকুর রহমান এবং সদস্য শেখ বাসার, তৌকির আহমেদ ও ওমর ফারুক।

এ সময় সাভার প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।









