| | |

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয় : এমপি সালাউদ্দিন বাবু

নাজমুল হুদা

জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন।

শুক্রবার (৭ আগস্ট) সকালে সাভারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাভার পৌর এলাকার একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী লায়ন মো. খোরশেদ আলম।

প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বলেন, শহীদদের রক্তের বিনিময়ে মানুষ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, “সাভারে আওয়ামী লীগকে (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) আর কোনো মিছিল করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়, এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।” জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে লায়ন মো. খোরশেদ আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না। যারা গণঅভ্যুত্থানের সময় জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এবং আহতদের পুনর্বাসনে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। নতুন বাংলাদেশ গড়তে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য অধ্যায়।

অনুষ্ঠানে সাভার থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ