কক্সবাজারের রামুতে দুই মাস বয়সী নিজের শিশুসন্তানকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা রোমানা আক্তারকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার রাজারকূল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম রায়ান আহমেদ। সে মালয়েশিয়া প্রবাসী আবদুল মালেকের ছেলে। শিশুটির বাবার বাড়ি একই ইউনিয়নের সিকদার পাড়ায়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে রোমানা আক্তার শিশুটিকে নিয়ে ঘরে প্রবেশ করেন। পরে ধারালো ছুরি দিয়ে শিশুটির গলা কেটে দেন বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত মা রোমানা আক্তারকে আটক করে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, রোমানা আক্তার মানসিক ভারসাম্যহীন এবং এর আগে তার চিকিৎসাও করানো হয়েছিল। তবে পরিবারের এই দাবি এখনো পুলিশ তদন্তের মাধ্যমে নিশ্চিত হতে পারেনি।
ওসি বলেন, প্রাথমিক তদন্তে তাকে মানসিক ভারসাম্যহীন হিসেবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তের পাশাপাশি চিকিৎসাগত পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, অভিযুক্ত রোমানা আক্তারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।








