ঢাকার সাভারে সাভার প্রেসক্লাবের তত্ত্বাবধানে মাসব্যাপী ‘বৃক্ষ ও তাঁত মেলা-২০২৬’ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সাভার প্রেসক্লাবের সামনের মাঠে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বলেন, সাংবাদিকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে সাভার প্রেসক্লাব বৃক্ষরোপণ উৎসাহিত করা এবং স্থানীয় তাঁতশিল্পের প্রসারে যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়। এ মেলা পরিবেশের ভারসাম্য রক্ষায় মানুষকে উৎসাহিত করার পাশাপাশি দেশীয় তাঁতপণ্যের প্রচার ও প্রসারে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
এ ছাড়া সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ, সাভার পৌর যুব মহিলা দলের সভাপতি তানিয়া ইয়াসমিনসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
আয়োজক কমিটি জানায়, মাসব্যাপী এ মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী তাঁতপণ্যের বিভিন্ন স্টল রয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে মেলা প্রাঙ্গণে নিরাপত্তা ও পরিবেশবান্ধব ব্যবস্থা রাখা হয়েছে।









