| | |

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় যুবদলের দোয়া মাহফিল

নাজমুল হুদা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেছেন, নানা চাপ ও প্রতিকূলতার মধ্যেও বেগম খালেদা জিয়া কখনো মাথা নত করেননি। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি দীর্ঘদিন কাজ করেছেন। তার রাজনৈতিক কর্ম ও অবদানের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে ঢাকার আশুলিয়ার ডেন্ডাবর এলাকার হাবিব কনভেনশন হলে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি বাসেদ দেওয়ান।

মোহাম্মদ আইয়ুব খান বলেন, ‘গণতন্ত্রের মা ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। তিনি ছিলেন অত্যন্ত সাদামাটা ও মানবিক মনের মানুষ।’

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাকা জেলা যুবদল এ দোয়া মাহফিলের আয়োজন করে। এতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মাদ্রাসার শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীসহ প্রায় পাঁচ হাজার মানুষের মধ্যে তবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে তার রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান।

এ সময় ঢাকা জেলা যুবদলের নেতাকর্মীদের পাশাপাশি সাভার ও আশুলিয়া বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted