| | |

আগস্টের শেষে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, প্রথম ধাপ অক্টোবরে : প্রতিমন্ত্রী

নাজমুল হুদা

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আগামী আগস্টের শেষ দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। প্রথম ধাপের নির্বাচন আগামী অক্টোবরে অনুষ্ঠিত হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ভাঙা ব্রিজ এলাকায় মহাসড়কের সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, চলতি বছর স্থানীয় সরকার বিভাগের পাঁচ ধরনের নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এসব নির্বাচনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বাজেট ধরা হয়েছে। তবে নির্বাচন কতটি ধাপে অনুষ্ঠিত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

তিনি বলেন, ‘আগামী অক্টোবরে প্রথম ধাপের নির্বাচন করতে পারব বলে আশা করছি। আগস্টের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হবে বলে আশা করছি।’

স্থানীয় সরকার নির্বাচন পেছানো বা বিলম্বিত হওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে মীর শাহে আলম বলেন, প্রথমে ইউনিয়ন পরিষদ, পৌরসভা নাকি উপজেলা নির্বাচন হবে, তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয় বিবেচনা করে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘নির্বাচন ব্যবস্থাপনার সুবিধার্থে যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন শুরু করা হবে, সম্ভবত সেটির নির্বাচনই আগে শেষ করা হবে। ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হলে ইউনিয়ন পরিষদের নির্বাচন, পৌরসভা দিয়ে শুরু হলে পৌরসভার নির্বাচন এবং সিটি করপোরেশন দিয়ে শুরু হলে সিটি করপোরেশনের নির্বাচন শেষ করা হবে।’

এ সময় তিনি বলেন, কোনো নির্বাচনের ক্ষেত্রে আদালতের রায় বা নির্দেশনা থাকলে সেটিকেও গুরুত্ব দেওয়া হবে।

উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের উন্নয়নকে এগিয়ে নিতে কাজ করছে।

তিনি জানান, আমিনবাজার ও আশুলিয়া পৌরসভা বাস্তবায়নের উদ্যোগও নেওয়া হবে।

এর আগে ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙা ব্রিজ এলাকায় মহাসড়কের দুই পাশে ময়লা-আবর্জনা সরিয়ে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ ও সৌন্দর্যবর্ধনের কার্যক্রম পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

এ সময় ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, আমিনবাজার ভূমি অফিসের সহকারী কমিশনার শাহাদাত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ