ঢাকার সাভারের গেন্ডা বাজারে ক্রেতার চোখ ফাঁকি দিয়ে ককশিটের বক্সে লুকিয়ে রাখা ৪৩ কেজি পচা-বাসি গরুর মাংস জব্দ করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ ঘটনায় ‘জাহাঙ্গীর গোশত বিতান’ নামের একটি দোকানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি. এম. রুহুল আমিন রিমনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব মাংস জব্দ করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, গেন্ডা বাজারের ‘জাহাঙ্গীর গোশত বিতান’ আকস্মিক পরিদর্শনের সময় দোকানের পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি ককশিটের বক্স দেখতে পান ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা। পরে বক্সটি খুলে দুর্গন্ধযুক্ত ও পচা প্রায় ৪৩ কেজি গরুর মাংস উদ্ধার করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, ভালো মাংসের আড়ালে সুযোগ বুঝে এসব পচা মাংস সাধারণ ক্রেতাদের কাছে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।
এ ছাড়া বিক্রির জন্য ঝুলিয়ে রাখা মাংসের উৎস বা ট্রেসিবিলিটি সংক্রান্ত বৈধ কাগজপত্র এবং হালনাগাদ ট্রেড লাইসেন্স দেখাতে ব্যর্থ হয় দোকান কর্তৃপক্ষ।
পরে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নিজের অপরাধ স্বীকার করলে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে জব্দ করা ৪৩ কেজি পচা ও ক্ষতিকর মাংস জনসম্মুখে ধ্বংস করা হয়।









