| | |

খোলা বীজ বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নাজমুল হুদা

সাভারের নামাবাজার এলাকায় খোলা ও নিবন্ধনবিহীন বীজ নিজেদের প্রতিষ্ঠানের নামে বাজারজাত করে চড়াদামে বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে নামাবাজার এলাকার বিভিন্ন বীজের দোকানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কাজী সিড স্টোর ও তমা সিড কোম্পানিকে খোলা বীজ বিক্রির দায়ে বীজ আইন অনুযায়ী পৃথকভাবে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ সময় নিবন্ধনবিহীন বীজ নিজেদের প্রতিষ্ঠানের নামে বাজারজাত ও চড়াদামে বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। পাশাপাশি খোলা অবস্থায় বীজ বিক্রি না করার জন্যও নির্দেশ দেওয়া হয়।

অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা নামাবাজারের বিভিন্ন বীজের দোকান পরিদর্শন করেন। ভবিষ্যতে কেউ আইন অমান্য করে খোলা বা নিবন্ধনবিহীন বীজ বিক্রি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান। এ সময় ঢাকা জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা তাহমিনা খাতুন, সাভার উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কৃষকদের মানসম্মত ও নিবন্ধিত বীজ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ