| | |

ঋণের টাকা ফেরত চাওয়ায় হামলা, পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ

নাজমুল হুদা

সাভারে ক্ষুদ্র সমবায় সমিতি থেকে নেওয়া ৩০ হাজার টাকা ঋণ ফেরত চাওয়াকে কেন্দ্র করে আহসান উল্লাহ স্বপন (৪২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম ও তার পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার রাত ১টার দিকে সাভার পৌর এলাকার বক্তারপুর মহল্লায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার স্বপনের পরিবারের পক্ষ থেকে সাভার থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

আহসান উল্লাহ স্বপন বক্তারপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় বংশী ক্ষুদ্র সমবায় সমিতি লিমিটেডের সহসভাপতি।

পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে বক্তারপুর এলাকার বাসিন্দা মো. ফারুক হোসেন ওই সমিতি থেকে ৩০ হাজার টাকা ঋণ নেন। চুক্তি অনুযায়ী ১২০ দিনের মধ্যে ঋণ পরিশোধ করার কথা থাকলেও নির্ধারিত সময় পার হওয়ার পরও তিনি তা পরিশোধ করেননি। টাকা ফেরত চাইলে ফারুক ‘আজ দেব, কাল দেব’ বলে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে স্বপন টাকা পরিশোধের জন্য চাপ দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্বপনের পরিবারের অভিযোগ, রোববার রাত ১টার দিকে লোডশেডিং চলাকালে তিনি বাড়ির গেটের সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় ফারুকসহ অভিযুক্তরা সেখানে গিয়ে তার ওপর হামলা চালান। রফিক নামে একজন পেছন থেকে সুইচগিয়ার দিয়ে তার ঘাড়ে আঘাত করেন। পরে নজরুল ও কুট্টি মোল্লা নামে দুজন রামদা দিয়ে স্বপনের মাথা, বাম গাল ও হাতে আঘাত করেন।

স্বপনের ছেলে মেহেদী হাসান শ্রাবণের অভিযোগ, হামলার একপর্যায়ে তার বাবা মাটিতে পড়ে গেলে ফারুক ও তার ছেলে ফয়সাল ধারালো অস্ত্র দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেন। চিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গেলে হামলাকারীরা তাদেরও মারধর ও হত্যার হুমকি দিয়ে চলে যান।

পরে পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় স্বপনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে ভর্তি করা হয়।

সাভার থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আব্দুল ওয়াহাব বলেন, ‘খবর পেয়ে আমি হাসপাতালে গিয়েছিলাম। তখন অস্ত্রোপচারকক্ষে তার অস্ত্রোপচার চলছিল। তাই বিস্তারিত জানতে পারিনি। তবে প্রাথমিকভাবে পরিবারের সদস্য ও চিকিৎসকদের কাছ থেকে জেনেছি, স্বপনের পুরুষাঙ্গ কেটে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ক্ষুদ্রঋণ সমিতি থেকে নেওয়া ৩০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে স্বপনের ওপর হামলা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ