| | |

১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, সৎ বাবা গ্রেপ্তার

নাজমুল হুদা

সাভারের ধামরাইয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বুধবার দিবাগত রাতে অভিযুক্ত আজহারুল ইসলাম (৩৫)কে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর মা একটি রেডিও সেন্টারে রান্নার কাজ করেন। আগের সংসারে তার দুই মেয়ে রয়েছে। প্রায় সাত বছর আগে আজহারুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আজহারুল কৌশলে তার দুই সৎ মেয়েকে ঘুমের ওষুধ খাওয়ান। পরে তারা পৃথক দুটি কক্ষে ঘুমিয়ে পড়ে। রাত ৪টার দিকে আজহারুল তার স্ত্রীকে রশি দিয়ে খাটের সঙ্গে বেঁধে মুখে কসটেপ পেঁচিয়ে দেন। এরপর বড় মেয়ের কক্ষে গিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে ছোট মেয়ে তার মায়ের হাতের বাঁধন খুলে দিলে তিনি বড় মেয়েকে উদ্ধার করেন। পরে কিশোরী তার মাকে জানায়, এর আগেও একাধিকবার ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে।

এদিকে, বিষয়টি জানাজানি হলে বুধবার সন্ধ্যায় আজহারুল বাসায় ফিরলে স্থানীয় লোকজন তাকে আটকে মারধর করেন। খবর পেয়ে ধামরাই থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে থানায় নেওয়া হয়।

ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, ভুক্তভোগী কিশোরীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ