মুঠোফোনে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে সাভারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক কর্মীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক ফটোসাংবাদিক। ভুক্তভোগী শরিফুল ইসলাম (৩৮) বাদী হয়ে বুধবার সাভার মডেল থানায় জিডিটি করেন।
জিডি সূত্রে জানা যায়, বুধবার দুপুর ২টা ২ মিনিটের দিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকার বাসিন্দা ও এটিএন বাংলার ক্যামেরাপারসন শরিফুল ইসলামকে ফোন করেন শাহাবুদ্দিন সাহা (৪৫)। অভিযোগ রয়েছে, ফোনে শাহাবুদ্দিন তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং একপর্যায়ে প্রাণনাশের হুমকি দেন।
শরিফুল ইসলাম বলেন, হঠাৎ ফোন করে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ায় তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন। পরে নিরাপত্তার কথা বিবেচনা করে আইনগত সুরক্ষার জন্য থানায় জিডি করেন।
অভিযোগের বিষয়ে শাহাবুদ্দিন সাহার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জিডিতে অভিযুক্ত শাহাবুদ্দিনকে যুবলীগের কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে আওয়ামী লীগ সরকারের আমলে তার রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে স্থানীয়ভাবে নানা আলোচনা রয়েছে বলে জানা গেছে। ওই সময় তাকে বিরুলিয়া ইউনিয়নে যুবলীগের কর্মীদের নিয়ে মিছিল ও সমাবেশে অংশ নিতে দেখা গেছে। একটি বক্তব্যে তিনি বিরুলিয়া ইউনিয়নকে ‘জামায়াত-বিএনপিমুক্ত’ ঘোষণার কথা বলেছিলেন।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ভুক্তভোগীর আবেদনের ভিত্তিতে বিষয়টি সাধারণ ডায়েরি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা নিতে এসআই মো. আল আমিনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।









