জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে জাকসুর উদ্যোগে ‘জাকসু জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে ২৫টির বেশি করপোরেট প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলোতে ৭০০টির বেশি চাকরির সুযোগ রয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
জাকসু সূত্রে জানা যায়, জব ফেয়ারের প্রধান পৃষ্ঠপোষক ব্র্যাক পরিচালিত ক্যারিয়ার হাব। প্লাটিনাম পৃষ্ঠপোষক নিউজিল্যান্ড ডেইরি ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস। গোল্ড পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইংলিশ থেরাপি, আকিজ হেলথকেয়ার অ্যান্ড হাইজিন, টেরাপ্রাইম হোটেলস অ্যান্ড রিসোর্টস এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ। সিলভার পৃষ্ঠপোষক দ্য একমি ল্যাবরেটরিজ, স্পার্ক রাইড টেকনোলজি ও হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ।
এ ছাড়া আবুল খায়ের গ্রুপ, প্রাণ-আরএফএল গ্রুপ, ইফাদ গ্রুপ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, আইআইডিএফসি সিকিউরিটিজ, ই-লার্নিং অ্যান্ড আর্নিং, ডেটা সলিউশন ৩৬০ ও রিদম ব্লাড সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠান এতে অংশ নেয়।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সাক্ষাৎকারের অভিজ্ঞতা অর্জন ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে। একই সঙ্গে একাধিক প্রতিষ্ঠানে প্রার্থীদের যাচাইয়ের সুযোগ তৈরি হওয়ায় শিক্ষার্থীরা উপকৃত হবেন।
জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, ‘জাকসুর মেয়াদের শেষ পর্যায়েও শিক্ষার্থীদের কল্যাণে কাজের ধারাবাহিকতা বজায় রয়েছে। আজকের জব ফেয়ার ও ক্যারিয়ার সামিট তারই একটি প্রতিফলন।’
এজিএস ফেরদৌস আল হাসান বলেন, প্রথমবর্ষ থেকে মাস্টার্স এবং সদ্য স্নাতক শেষ করা শিক্ষার্থীদের করপোরেট খাতের সঙ্গে পরিচিত করাই আয়োজনের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলা, চাকরির সুযোগ সম্পর্কে জানা এবং জীবনবৃত্তান্ত জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন।
টেরাপ্রাইম হোটেলস অ্যান্ড রিসোর্টসের এক্সিকিউটিভ অব সেলস অ্যান্ড মার্কেটিং রুবিনা জাহান তিথি বলেন, জব ফেয়ারের মাধ্যমে চাকরিপ্রার্থীদের সিভি পর্যালোচনা করে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নিয়োগের সুযোগ তৈরি হয়।
জব ফেয়ারে অংশ নেওয়া পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কায়েস মাহমুদ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন কম হওয়ায় শিক্ষার্থীরা চাকরির বাজার সম্পর্কে সরাসরি জানার সুযোগ থেকে বঞ্চিত হন। নিয়মিত এ ধরনের আয়োজন হলে শিক্ষার্থীরা উপকৃত হবেন।
ফার্মেসি বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী আতিয়া বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগের প্রয়োজনীয়তা ও যোগ্যতার মানদণ্ড সম্পর্কে এ আয়োজন থেকে ধারণা পাওয়া যাচ্ছে।
আয়োজকরা জানান, জব ফেয়ারের মূল কার্যক্রম শেষে সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘রোড টু করপোরেট ক্যারিয়ার সেশন’ অনুষ্ঠিত হবে। এতে করপোরেট খাতের অভিজ্ঞ ব্যক্তিরা ক্যারিয়ার পরিকল্পনা, করপোরেট সংস্কৃতি, জীবনবৃত্তান্ত প্রস্তুত, সাক্ষাৎকার ও পেশাগত উন্নয়ন নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন।
এ ছাড়া শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার ও কফি, খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন এবং করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ রাখা হয়েছে। আয়োজনে গণমাধ্যম সহযোগী হিসেবে রয়েছে দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, দ্য ডেইলি ক্যাম্পাস, স্টার নিউজ, চ্যানেল ওয়ান ও ফেস দ্য পিপল।









