জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল আড়াইটার দিকে নজরুল ইসলাম হলের সামনে রবীন্দ্রনাথ ঠাকুর হলের চত্বরসংলগ্ন সড়কে এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় উভয় পক্ষের শিক্ষার্থীদের লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া করতে দেখা যায়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, নজরুল ইসলাম হলের সামনে থাকা পাঁচটি দোকানের মালিকানা নিয়ে বেশ কিছুদিন ধরে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে বিরোধ চলছিল। দোকানগুলো নজরুল হলের সামনে হওয়ায় ওই হলের শিক্ষার্থীরা প্রশাসনের কাছে মালিকানা দাবি করে আসছিলেন। এ নিয়ে সোমবার প্রথমে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীদের দাবি, নজরুল হল চালু হওয়ার আগে থেকেই দোকানগুলো তাদের হলের অধীনে রয়েছে। নজরুল হলের শিক্ষার্থীরা জোরপূর্বক দোকানগুলো দখলের চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তারা।

সংঘর্ষের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষ বন্ধ করা সম্ভব হয়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাকির হোসেন বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দুই হলের শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা অপ্রত্যাশিত। আহত শিক্ষার্থীদের দেখতে তিনি হাসপাতালে যাচ্ছেন। ঘটনাটি প্রশাসনিক সভায় আলোচনা করা হবে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।









