ঢাকার ধামরাইয়ে অজ্ঞাতনামা পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সিএনজিচালকও রয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী বটতলা এলাকায় টাইগার ব্রিকসসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আখি (৩০), মো. জাকারিয়া (১২) ও অজ্ঞাতনামা সিএনজিচালক (প্রায় ৪০)। তাৎক্ষণিকভাবে তাদের পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে পাকা সড়কে সিএনজি ও অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালকসহ চারজন গুরুতর আহত হন। পরে তাদের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।
ধামরাই থানার কাওয়ালিপাড়া ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ইলিয়াস বলেন, সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মরদেহ হাসপাতালে রয়েছে। নিহতদের মধ্যে সিএনজিচালক ও দুজন যাত্রী ছিলেন।









