সাভারের আমিনবাজারে পুলিশের এসআই আলতাব হোসেন হত্যা মামলার প্রধান আসামি জহুরুলের মা রুপি বেগম (৪০) ও এজাহারভুক্ত আসামি মো. নাহিদ হোসেনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে আমিনবাজারের বড়দেশী গ্রামে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ রুপি বেগমকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি এসআই আলতাব হোসেন হত্যা মামলার এক নম্বর আসামি জহুরুলের মা।
আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. জাকির আল আহসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বড়দেশী এলাকায় অভিযান চালিয়ে রুপি বেগমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
অন্যদিকে, এসআই আলতাব হোসেন হত্যা মামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগে এবং ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে নাম আসায় নাহিদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোরে শেরপুরের নকলা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, নাহিদ এ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি সাভারের বড়দেশী পশ্চিমপাড়ার দুলালের ছেলে। পুলিশ জানায়, নাহিদ হত্যা মামলার ১০ নম্বর আসামি লালনের ছোট ভাই। ঘটনার পর থেকে তিনি শেরপুরে পালিয়ে আত্মগোপনে ছিলেন।
পুলিশ আরও জানায়, বড়দেশী পশ্চিমপাড়ায় নাহিদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদককারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে।









