| | |

সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে

সাভারে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

হাসিবুল হাসান শান্ত

দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টার প্রতিবাদে সাভারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সাভারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাভার সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। সভাপতিত্ব করেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।

প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাসেম বেপারি, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান মোহন এবং ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা।

সমাবেশে মোহাম্মদ আইয়ুব খান বলেন, রাজনৈতিক মতপার্থক্য গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক অংশ। তবে মতপার্থক্যকে কেন্দ্র করে সন্ত্রাস, সহিংসতা বা জনমনে আতঙ্ক সৃষ্টি করা উচিত নয়। দেশের স্বাভাবিক জীবনযাত্রা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নাজমুল হাসান অভি বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যেকোনো চেষ্টা প্রতিহত করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি।

মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে এর কারণে সন্ত্রাস, নৈরাজ্য বা সহিংসতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা উচিত নয়। তিনি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক বক্তব্য তুলে ধরার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা আরও বলেন, রাজনৈতিক কর্মীদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং জনজীবনে যাতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

কর্মসূচিতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ