সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে মন্তব্য করার অভিযোগে জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি হোসেনকে সংগঠন থেকে বহিষ্কারের পর পুলিশের কাছে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় থেকে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। রাব্বি বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা এ কে ফজলুল হক হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়।
জানা যায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী মৃন্ময় দাসের একটি ফেসবুক পোস্টে ‘শুভ জন্মদিন আপা’ লিখে মন্তব্য করেন রাব্বি হোসেন। বিষয়টি জানাজানি হলে তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে। পরে জাতীয় ছাত্রশক্তির জাবি শাখা তাকে সংগঠনের সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করে।
সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের মূলনীতি, নীতি, আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে রাব্বি হোসেনকে জাতীয় ছাত্রশক্তি জাবি সংসদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পুলিশ বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।
তবে রাব্বি হোসেন তার ফেসবুক পোস্টে দাবি করেন, শেখ হাসিনাকে ‘শুভ জন্মদিন আপা’ বলাটি তিনি ব্যঙ্গাত্মক অর্থে লিখেছিলেন। তিনি দাবি করেন, ২০২৪ সালের আন্দোলনে তিনি সরাসরি অংশ নিয়েছেন এবং শেখ হাসিনা সরকারের বিরোধিতা করেছেন। আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এবিএম আজিজুর রহমান বলেন, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রাব্বি হোসেনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে তাকে কোনো শাস্তি দেওয়া হবে কি না, সে বিষয়ে প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
জাতীয় ছাত্রশক্তির জাবি শাখার সভাপতি জিয়াউদ্দিন আয়ান বলেন, রাব্বির মন্তব্যটি সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী হওয়ায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।









