পুলিশ ভেরিফিকেশনের নামে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের বাদ দেওয়া এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন ও প্রতীকী লাল কার্ড প্রদর্শন করেছে জাতীয় ছাত্রশক্তি জাবি সংসদ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সংগঠনের সভাপতি জিয়াউদ্দিন আয়ান, সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, দপ্তর সম্পাদক কাজী মেহরাব তূর্য, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী চিশতী, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মোমিনুল ইসলাম শাওন, কার্যকরী সদস্য সাঈদ হাসান ও আমেনা আক্তার নিহা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে জিয়াউদ্দিন আয়ান অভিযোগ করেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ শুরু হয়েছে। দুদক, মানবাধিকার কমিশন, বিচার বিভাগ, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগও করেন তিনি। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ তুলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।
তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
চাকরিপ্রার্থীদের বিষয়ে জিয়াউদ্দিন আয়ান বলেন, পুলিশ ভেরিফিকেশনের নামে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত যোগ্য প্রার্থীদের বাদ দেওয়া হচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
তিনি দাবি করেন, তাদের মধ্যে বিপুলসংখ্যক প্রার্থী নিয়োগবঞ্চিত হয়েছেন। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র দেওয়া এবং ১ অক্টোবর থেকে কর্মস্থলে যোগদানের সুযোগ দেওয়ার দাবি জানান তিনি। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
জিয়াউদ্দিন আয়ান আরও বলেন, সব ক্ষেত্রে দলীয়করণ বন্ধ করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে দলীয়করণ, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি বেড়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল সরকারি চাকরিতে বৈষম্যহীন নিয়োগ। কিন্তু বর্তমান নিয়োগপ্রক্রিয়ায় সেই আকাঙ্ক্ষা ব্যাহত হচ্ছে বলে দাবি করেন তিনি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণের অভিযোগ তুলে তিনি এসব কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান।
নাদিয়া রহমান বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জনগণের অধিকার রক্ষা এবং নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করতে হবে। এসব দাবি উপেক্ষা করা হলে সাধারণ মানুষ তা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
পরে পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাদ দেওয়া এবং বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণের অভিযোগের প্রতিবাদে প্রতীকী লাল কার্ড প্রদর্শনের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করেন সংগঠনের নেতা-কর্মীরা।









